ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বাংলাদেশের দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল


    3

    বাংলাদেশের দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির ও মুরাদ রেজা পদ থেকে পদত্যাগ করেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে সরকার অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়ার তিন দিনের মাথায় তারা পদত্যাগপত্র জমা দিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

    প্রেসিডেন্ট বরাবর লেখা পদত্যাগপত্র আজ রোববার সকালে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন মুরাদ রেজা। অন্যদিকে, ব্যক্তিগত কারণ উল্লেখ করে প্রেসিডেন্ট বরাবর লেখা পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ের সলিসিটার কার্যালয়ে পাঠিয়েছেন মোমতাজ উদ্দিন ফকির।

    মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগপত্র দেওয়ার আগে গত ১ সেপ্টেম্বর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান আইনজীবী এস এম মুনীর। মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকিরের পদত্যাগপত্র গৃহীত হলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াবে একজন।

    মোমতাজ উদ্দিন ফকির ২০১০ সালের ১ জুলাই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পান। এর আগে, ২০০১-২০০২ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন তিনি। তারও আগে ১৯৯৪-১৯৯৫ সালে তিনি সমিতির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।

    গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

    প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন। এ এম আমিন উদ্দিন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদক ও দুই মেয়াদে সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

    ২০০৯ সাল থেকে রাষ্ট্রের ১৫তম অ্যাটর্নি জেনারেলের দায়িত্বপালন করা মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যু হওয়ায় নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।#

    পার্সটুডে/এআর/১১

    বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

    [ad_1]

    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।