গেইলকে ছাড়িয়ে ভিলিয়ার্সের রেকর্ড


    16



    কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আরও একবার জ্বলে উঠেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কলকাতা বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন তিনি। প্রমান করেছেন বয়স বাড়লেও এখনো ফুরিয়ে যাননি। এমন পারফরম্যান্সের পর জয় পেয়েছে তার দলও। কলকাতাকে ৮২ রানে হারিয়েছে বেঙ্গালুরু। আর তাতেই তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে উঠে এসেছে তৃতীয় স্থানে। দিল্লি ও মুম্বাইয়ের সমান ৭ ম্যাচ খেলে পাঁচ জয় পেলেও রান রেটে পিছিয়ে আছে তারা।

    কলকাতাকে হারানোর দিনে ৫ চার ও ৬ ছক্কায় ৩৩ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ভিলিয়ার্স। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি। আর এতেই ছাড়িয়ে গেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে।

    আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচের রেকর্ডটি ছিল গেইলের দখলে। কলকাতার বিপক্ষে ম্যাচের পর সেটি নিজের করে নিয়েছেন ডি ভিলিয়ার্স। এখন পর্যন্ত ২২ বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি। গেইল ম্যাচ সেরা হয়েছেন ২১ বার। তালিকার তিন নম্বরে আছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা। ১৮ বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি। ডেভিড ওয়ার্নার ও মহেন্দ্র সিং ধোনি ১৭ বার করে জিতে আছেন তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে।

     

    অর্থসূচক/এএইচআর


    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।