পূর্ব নির্ধারিত স্থানে আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে নির্বাচনী পথসভা শুরু করেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। ঠিক তখনই পথসভার পাশে এসে দুটো পিকআপে মাইক থেকে ভোটারদের নানা বিষয়ে অবহিত করা শুরু করে ঢাকা-৫ রিটার্নিং কর্মকর্তার দপ্তরের লোকজন।
এতে শব্দজট সৃষ্টি হওয়ায় কোনো পক্ষের বক্তব্যই শোনা যাচ্ছিলো না। দলের শীর্ষ নেতারা নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় তাদের সামনে বিব্রতকর অবস্থায় পড়েন ঢাকা-৫ এর উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিনের পথসভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মো. শাহজাহান, ফজলুল হক মিলন, হাবিব উন নবী খান সোহেলসহ দলের আরো বেশ কয়েকজন সিনিয়র নেতা।
দেখা যায়, পথসভা শুরু হতে না হতেই নির্বাচন কমিশনের মাইকবাহী দুটি প্রচার গাড়ি সমাবেশের পাশেই যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের সামনে এসে থামে। সেখানে প্রায় ৩০-৩৫ মিনিট ধরে চালানো হয় প্রচারণা। ইসির প্রচার মাইকের শব্দে এসময় পথসভার বক্তব্য শোনা যাচ্ছিলো না।
এক পর্যায়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বক্তব্য শুরু করেন। এসময় কয়েকজন গণমাধ্যমকর্মী ছবি তোলা শুরু করলে নির্বাচন কমিশনের গাড়িচালক কাগজ দিয়ে তার মুখ আড়াল করেন। এর ২/৩ মিনিটের মধ্যে চালককে ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। এরপরই ইসির প্রচার গাড়িদুটি সেখান থেকে সরে যায়।
অর্থসূচক/কেএসআর
The post পথসভার পাশেই ইসির প্রচারণা, বিড়ম্বনায় বিএনপির প্রার্থী first appeared on ArthoSuchak.
মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।


