ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড জনদাবিতে পরিণত হয়েছে: কাদের


    4

    নারীর প্রতি সহিংসতা ধর্ষণ বন্ধ করতে হলে কঠোর আইন প্রয়োগ করতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি বলেন, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এখন জনদাবিতে পরিণত হয়েছে। সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে এদের মধ্যে একটি ভীতিও থাকবে। যেভাবে এটি বাড়ছে, এতে এ ধরনের কঠোর আইন প্রয়োগ করতে হবে।

    আজ সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধানের বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী যে সিস্টেম করেছেন এতে যার এজেন্ডা নেই তাদের মন্ত্রিসভার বৈঠকে ডাকা হয় না। আমারও আজ কোনো এজেন্ডা ছিলো না। তবে ধর্ষণের এই আইনের বিষয়ে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন।

    তিনি বলেন, আমার মনে হয়ে মানুষের মনের ভাষা প্রধানমন্ত্রী বোঝেন। মৃত্যুদণ্ড এখন জনদাবিতে পরিণত হয়েছে। কাজেই তাদের এই দাবিকে অবশ্যই আমরা স্বীকৃতি দেবো। এই লক্ষ্য বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

    অর্থসূচক/কেএসআর

    The post ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড জনদাবিতে পরিণত হয়েছে: কাদের first appeared on ArthoSuchak.

    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।