দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের প্রার্থী রবিউল ইসলাম সোহাগের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও ফৌজদারি আইনে মামলা করা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে মিথ্যা, মানহানিকর ও প্রতারণামূলক তথ্য প্রচার, আওয়ামী লীগের প্রতি জনমনে বিদ্বেষ ও সংগঠনের মধ্যে শত্রুতা সৃষ্টি করে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এ মামলা করা হয়।
আজ শনিবার (১০ অক্টোবর) কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আর আগে গত ৮ অক্টোবর রাতে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী এই মামলাটি দায়ের করেন।
মামলায় সাক্ষী হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মেস্তাফিজুর রহমান ফিজার, যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দফতর সম্পাদক সেলিম আক্তার চৌধুরী, স্পেশাল পিপি সামসুর রহমান পারভেজের নাম দেওয়া হয়েছে।
আসামি সোহাগ দুই-তিন মাস আগেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এর দিনাজপুর কার্যালয়ে এমএলএসএস পদে চাকরি করতেন। তাকে আওয়ামী লীগের একাংশ নিজেদের প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পরিকল্পিতভাবে শত্রুতা ও রাজনৈতিক বিদ্বেষ ছড়িয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতি জনমনে ঘৃণা সৃষ্টির জন্য এবং আওয়ামী লীগের সামাজিক ও রাজনৈতিক ক্ষতি সাধনের উদ্দেশ্যে মিথ্যা, মানহানিকর ও প্রতারণামূলক মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। মিথ্যা তথ্যের ভিত্তিতে জাল প্রেস বিজ্ঞপ্তি তৈরি ও ব্যবহার করে ফেসবুকসহ ইলেকট্রনিক্স বিন্যাসে নিজেকে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দাবি করা হয়েছে। সর্বোপরি আওয়ামী লীগ, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মানহানি ও মানসম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।
বাদী মামলার এজাহারে উল্লেখ করেন, তিনি গত ৭ অক্টোবর স্মার্টফোনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেন, আসামি রবিউল ইসলাম সোহাগ একাধিক আইডিতে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে দলীয় প্যাড ও লোগো জালিয়াতির মাধ্যমে ‘অভিনন্দন রবিউল ইসলাম (সোহাগ) শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, দিনাজপুর জেলা শাখা’ শিরোনামে প্রতারণামূলক, মিথ্যা, ভুয়া তথ্য প্রকাশ ও প্রচার করে।
ওই ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, সাব্বিরুল আহসান ছবি ১১/১২/২০১৮ তারিখে মৃত্যুবরণ করায় ওই পদটি শূন্য হয়। সেই প্রেক্ষিতে রবিউল ইসলাম (সোহাগ), পিতা- আলহাজ্ব জাবেদ আলী, মা-আলহাজ্ব সাবরুন নেসা, গ্রাম-দক্ষিণ ফরিদপুর, চেরাডাঙ্গী সদর, দিনাজপুরকে শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দিনাজপুর জেলা শাখার নিয়োগ/পদস্থ করা হলো। এই আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।’
মামলায় অভিযোগ করা হয়, গত ৭ অক্টোবর সংবাদ সম্মেলন করে ওই ভুয়া ও জাল প্রেস বিজ্ঞপ্তি ব্যবহার করে নিজেকে আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দাবি করে রবিউল ইসলাম সোহাগ। সে দলের প্রতি ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে সামাজিক-সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয় পত্র-পত্রিকায় এই খবর দেখার পর বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করে বাদী নিশ্চিত হন যে, আসামির দাবিকৃত কথিত প্রেস বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদের স্বাক্ষর করেননি। আসামিকে তিনি ওই পদে নিয়োগ বা পদস্থ করেননি।
এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে একটি এজাহার গ্রহণ করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
অর্থসূচক/কেএসআর
The post কাদেরের সই জাল করে অপপ্রচার: আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা first appeared on ArthoSuchak.
মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।


