শুধু বাংলাদেশ নয়, করোনাকালে বিশ্বব্যাপী নারী নির্যাতন বেড়েছে: কাদের


    8

    ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি বলেন, শুধু বাংলাদেশে নয়, করোনাকালে বিশ্বব্যাপী সামাজিক অস্থিরতার পাশাপাশি পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন বেড়েছে। ইউরোপজুড়েও এ প্রবণতা ঊর্ধ্বমুখী।

    আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় একথা বলেন তিনি।

    গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদন উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, যুক্তরাজ্যে গত এক বছরে ৫৫ হাজার নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ সময় বাংলাদেশে নারী নির্যাতন বন্ধে অপরাধীদের সামাজিক ও রাজনৈতিকভাবে আশ্রয়-প্রশ্রয় বন্ধের আহ্বান জানান তিনি।

    আওয়ামী লীগের এই নেতা বলেন, বাংলাদেশে সরকার ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধন করেছে। এর পাশাপাশি সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে ঘৃণ্য অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়া এবং রাজনৈতিক প্রশ্রয়ও বন্ধ করতে হবে।

    সরকারের পদত্যাগ দাবি করে বিএনপির বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগে গত ১২ বছরে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত। বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধীদল আর কেউ দেখেনি।

    তিনি বলেন, উপ-নির্বাচনে এজেন্ট না দিয়ে সব কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে রেখে নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালায়, যা বিএনপির পুরনো অপকৌশল।

    সেতুমন্ত্রী বলেন, কিন্তু বিএনপি এসব থেকে কখনো মধ্যবর্তী, কখনো ফ্রেশ নির্বাচনের দাবি তুলছে সম্পর্কহীন ও অযৌক্তিকভাবে। বিএনপি ইস্যু না পেয়ে আন্দোলন করতে পারছে না, তাই সরকারের পদত্যাগ চাওয়া মামার বাড়ির আবদার।

    অর্থসূচক/কেএসআর

    The post শুধু বাংলাদেশ নয়, করোনাকালে বিশ্বব্যাপী নারী নির্যাতন বেড়েছে: কাদের first appeared on ArthoSuchak.

    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।