সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ ভিডিওতে দা উঁচিয়ে অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ (১৭ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রনসি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সামিউল এ তথ্য নিশ্চিত করেছেন।
মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্স তালুকদারের ছেলে। এর আগে গতকাল রাতে সিলেটের জালালাবাদ থানার উপপরিদর্শক মাহবুব মোর্শেদ বাদী হয়ে মহসিনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
গত শনিবার দিবাগত রাত ১২ টা ৬ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার ঘোষণা দেন মহসিন তালুকদার নামে ওই যুবক। সাকিবকে কুপিয়ে কুপিয়ে হত্যা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি তার হাতে থাকা একটি চাপাতি প্রদর্শন করেন। কলকাতায় গিয়ে কালি পূজার অনুষ্ঠান উদ্বোধন করায় সাকিবকে এ হুমকি দেওয়া হয়। সেই সাথে ওই যুবক লাইভে তার নিজের পরিচয়ও প্রকাশ করেন। অবশ্য, একইদিন ভোরে ওই যুবক তার ফেসবুক থেকে আরেকটি লাইভে এসে রাতের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাকিবকে ক্ষমা চাইতে বলেন।
ভিডিওটির ব্যাপক সমালোচনা হওয়ার পর থেকে মহসিন পলাতক ছিলেন। যদিও হুমকি দেওয়া প্রথম ভিডিও গতকাল বিকালে ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে দ্বিতীয় ভিডিওটি এখনও সরানো হয়নি। এদিকে পূজার নিমন্ত্রণে অংশ নেওয়া এবং এক ভক্তের মোবাইল ভাঙার বিষয়ে গতকাল নিজের অবস্থান পরিষ্কার করেন সাকিব।
অর্থসূচক/এএইচআর
মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।



