বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ১২ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের পাশে দুই নম্বর ভবনে অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক এ এস এম রুহুল ইমরান শুনানি শেষে এ আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন বলেন, খালেদা জিয়া অসুস্থ। তাই আমরা অভিযোগ গঠন পেছানোর জন্য আবেদন করেছি। আদালতে আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য এ দিন ধার্য করেন।
বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করা হয়। ওই বছরের ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এরপর ২০০৮ সাল থেকে দীর্ঘ ৯ বছর উচ্চ আদালতের নির্দেশে মামলাটির বিচার কাজ স্থগিত ছিল। সবশেষ ২০১৭ সালের ২৮ মে সেই স্থগিতাদেশ প্রত্যাহার হয়। এরপর থেকে মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য রয়েছে।
খালেদা জিয়া ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান (মৃত), সাবেক স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া (মৃত), সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী (মৃত), সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মো. মুজাহিদ (মৃত), এম কে আনোয়ার (মৃত), এম শামসুল ইসলাম (মৃত), ড. খন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক (মৃত), একেএম মোশাররফ হোসেন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এসআর ওসমানী, পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। তাদের মধ্যে মৃতদের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
অর্থসূচক/কেএসআর
The post কয়লাখনি দুর্নীতি: খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো first appeared on ArthoSuchak.
মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।


