বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষণকারীর জন্য কোনো রাজনৈতিক দল যেন আশ্রয়ের ঠিকানা না হয়।
আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাথে উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যে সব অপরাধী বা ধর্ষক এ সব ঘৃণিত কাজ করছে তাদের জন্য শাস্তিই শেষ কথা নয়। তারা যদি কোনো রাজনৈতিক ছায়ায় থাকে তাহলে তাদেরকে চিরতরে রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। এ সব সমাজ বিরোধী অপরাধীদের বিরুদ্ধে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আপোষহীন থাকতে হবে।
‘দেশে গণতন্ত্র নেই’ বিএনপির এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “প্রতিদিন গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে ফ্রি-স্টাইলে তারা বিষোদগার করছে। গণতন্ত্র না থাকলে মির্জা ফখরুল সাহেবরা এভাবে অবিরাম মিথ্যাচার করতে পারতেন? তাদের দলের কাউকে কী এজন্য জেলে যেতে হচ্ছে? গণতন্ত্র আছে বলেই তারা সরকারের সমালোচনা করতে পারছে।
ওদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারর আমলে দেশে ধর্ষণের মহোৎসব চলছে। নারীর শ্লীলতাহানী, নারীর ওপর নির্যাতন এটা এখন নিয়মিত ব্যবস্থায় পরিণত হয়েছে। এ অবস্থায় ক্ষমতায় থাকার সকল অধিকার হারিয়েছে এ সরকার।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এক মানববন্ধনে মির্জা ফখরুল বলেন, বর্তমান অবৈধ সরকারের আমলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে শুধু তাই নয়। অর্থনীতি আজ ধ্বংসের মুখে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আজকে এই দেশে সবচেয়ে অসহায় অবস্থায় আছেন আমাদের মা-বোনেরা। প্রতি মুহূর্তে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। #
পার্সটুডে/ আব্দুর রহমান খান/বাবুল আখতার/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
[ad_1]
মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।


