নেইমারের হ্যাটট্রিকে ব্রাজিলের জয়, ১৫ বছর পর জিতল আর্জেন্টিনা


    6

    গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন ব্রাজিল দলের সেরা তারকা নেইমার। হ্যাটট্রিক করেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। ফলে পেরুর মাঠ থেকে দুর্দান্ত জয় নিয়ে তুলে নিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এদিকে পিছিয়ে পড়েও বলিভিয়ার লা পাজ থেকে ১৫ বছর পর জয় পেল দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

    আজ বুধবার সকালে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে পেরুকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। এ নিয়ে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে টানা দ্বিতীয় জয় পেল তিতের দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে হারিয়ে মিশন শুরু করেছিল সেলেসাওরা। এই দুই ম্যাচে প্রতিপক্ষকে ৯ গোল দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    যদিও ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে তিতের শিষ্যরা। ষষ্ঠ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন আন্দ্রে কারিয়ো। তবে ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলকে সমতায় ফেরান নেইমার। ৫৯তম মিনিটে রেনাতো তাপিয়ার গোলে আবারও পিছিয়ে পড়ে ব্রাজিল। এবারও ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রবার্তো ফিরমিনোর পাস থেকে ব্রাজিলকে সমতায় ফেরান রিচার্লিসন। আর ম্যাচের অন্তিম মুহুর্তে জ্বলে ওঠেন নেইমার। ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন পিএসজি ফরোয়ার্ড।

    এগিয়ে থাকার পরও উল্টো পিছিয়ে পড়ে ম্যাচের শেষদিকে ৯ জনের দল হয়ে পড়ে পেরু। উত্তেজনা ছড়ানো ম্যাচটিতে ৮৬তম মিনিটে তাদের কার্লোস চাচেদা এবং ৮৯তম মিনিটে কার্লোস জামব্রানো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই সুযোগে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। যোগ করা চতুর্থ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন তিনি।

    সেই সঙ্গে দুর্দান্ত মাইলফলক গড়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে রোনালদো নাজারিওকে টপকে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে এসেছেন তিনি। নেইমারের ওপরে আছেন কেবল ৯২ ম্যাচে ৭৭ গোল করা ফুটবল কিংবদন্তি পেলে। ফেনোমেনন খ্যাত রোনালদো ৯৮ ম্যাচে করেছেন ৬২ গোল। নেইমারের গোল সংখ্যা দাঁড়ালো ৬৪। তার জন্য তাকে খেলতে হয়ছে ১০৩ ম্যাচ।

    অপরদিকে কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬০০ মিটার উচ্চতায় খেলে বৈরি লা পাজ থেকে যেন জয় নিয়ে বেঁচে ফিরেছে আর্জেন্টিনা। ২০০৫ সালের পর এই প্রথম বলিভিয়ায় জিতল তারা।

    এই কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে টানা দ্বিতীয় জয় পেল আর্জেন্টিনা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির গোলে ইকোয়েডরকে হারিয়েছিল তারা। অন্যদিকে ব্রাজিলের কাছে হার দিয়ে শুরু করা বলিভিয়া নিজেদের দ্বিতীয় ম্যাচেও ধাক্কা খেল।

    লা পাজ আর্জেন্টিনার জন্য দুঃস্বপ্নের ভেন্যু। শুধু কোনোমতে জয় নিয়ে ফেরাটাই একমাত্র উদ্দেশ্য ছিল দলটির। নিজেদের সে লক্ষ্যে সফল হয়েছে আর্জেন্টিনা। যদিও শুরুতে পিছিয়ে পড়েছিল দলটি। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারত বলিভিয়া। তবে সাউল টরেসের ক্রসে মার্সেলো মোরেনোর হেড ব্যর্থ হলে সেই যাত্রায় বেঁচে যায় আর্জেন্টিনা। তবে ২৪ মিনিটে নিজেদের দ্বিতীয় সুযোগ ঠিকই কাজে লাগিয়েছে বলিভিয়া। আলেহান্দ্রো সাউলের চমৎকার ক্রসে জাল খুঁজে নেন মার্সেলো মার্টিন্স। কয়েক মিনিট পর আবারো এগিয়ে যেতে পারত। কিন্তু মার্সেলো মার্তিন্সের ক্রসে হেড লক্ষ্যে ছুঁতে পারেননি কার্লোস সাউসেদো।

    এরপর নিজেদের গুছিয়ে নেয় আর্জেন্টিনা। খেলায় গতি বাড়িয়ে নিজেদের বদলে ফেলে অতিথিরা। আক্রমণে ধার বাড়িয়ে ম্যাচের ৪৫ মিনিটেই পেয়ে যায় গোল। বাঁ দিক থেকে ওকাম্পোসকে বল দিতে চেয়েছেন মার্টিনেস। মাঝপথে ঠেকিয়ে দেন কারাসকো। তার শট সফরকারী স্ট্রাইকারের পায়ে লেগে চলে যায় বলিভিয়ার জালে। শেষের দিকে জয়সূচক গোলটি করেন কোররেয়া। ৭৯ মিনিটে লিওনেল মেসির বাড়ানো বল ধরে ঠিকানা খুঁজে নেন তিনি। ফলে স্বস্তির জয় নিয়ে লা পাজ থেকে জয় নিয়ে ফিরল আর্জেন্টিনা।

    অর্থসূচক/এএইচআর

    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।