বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসার সামনে বিক্ষোভ করে তার বাসায় ইট-পাটকেল ও ডিম নিক্ষেপ করেছে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা।
আজ (১০ অক্টোবর) বিকালে রাজধানীর উত্তরায় বিএনপি মহাসচিবের বাসার সামনে কয়েকশ নেতাকর্মী জড়ো হয়ে এ বিক্ষোভ করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাসায় অবস্থান করছিলেন।
জানা গেছে, ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে এ আসনের অপরাপর সাত প্রার্থীর কর্মী-সমর্থকরা বিক্ষোভে অংশ নেন। দুপুরের পর থেকে তারা বিএনপি মহাসচিবের বাসার সামনে অবস্থান নিয়ে এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে স্লোগান দেন। এক পর্যায়ে বিক্ষুব্ধরা মির্জা ফখরুলের বাসায় ইট-পাটকেল ও ডিম নিক্ষেপ করা হয়।
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ৯ জন বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। তাদের মধ্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন দেয় বিএনপি। শুক্রবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থীতা ঘোষণা করেন। গত ১২ সেপ্টেম্বর ওই আসনে ৯ প্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার দিনে এসএম জাহাঙ্গীর ও এম কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেদিন দুই পক্ষের ১৭ জন নেতাকর্মী আহত হন।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিক বলেন, মির্জা ফখরুলের বাসায় ইটপাটকেল নিক্ষেপ হচ্ছে এমন খবরের ভিত্তিতে সন্ধ্যার দিকে একটি টিম পাঠানো হয়। কিন্ত সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আর এখন পর্যন্ত এই বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগও করেনি। অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
অর্থসূচক/এএইচআর
The post ফখরুলের বাসায় ইট-পাটকেল ও ডিম নিক্ষেপ first appeared on ArthoSuchak.
মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।


