মির্জা ফখরুলের বক্তব্য হাস্যকর: তথ্যমন্ত্রী


    4

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তারা তো দলগতভাবে এ সমস্ত অপকর্ম করেছে। নৌকায় ভোট দেওয়ার অপরাধে আট বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারী, ষাট বছরের বয়স্ক নারী পর্যন্ত কেউ রক্ষা পায়নি বিএনপির লেলিয়ে দেওয়া বাহিনীর হাত থেকে। যারা নারী নির্যাতন-ধর্ষণগুলো দলগতভাবে অতীতে করেছে, এ নিয়ে যখন তারা কথা বলে, তখন হাস্যকর হয়ে দাঁড়ায়। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য হাস্যকর।’

    আজ (১০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বাংলাদেশ বেতারের একটি অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

    এই সরকারকে আর সময় দেওয়া যাবে না- বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘উনারা অবশ্য আমাদের সময় দিচ্ছেন না বহু আগে থেকে। ২০০৯ সালে আমরা সরকার গঠনের তিন মাসের মাথা থেকে উনারা আমাদের কখনো সময় দিতে চাননি। কিন্তু বাস্তবতা হচ্ছে, জনগণ আমাদের সময় দিয়েছে। এবং প্রায় পৌনে ১২ বছর ধরে জননেত্রী শেখ হাসিনা একটানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সময় দিলেন কি দিলেন না, সেটি বড় ব্যাপার নয়, জনগণ সময় দিচ্ছে কিনা সেটিই হচ্ছে মুখ্য বিষয়।’

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বের সরকার এ ধরনের ঘটনা অতীতে যেগুলো ঘটেছে, সেগুলোর বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। এখনো যেগুলো ঘটেছে, সেগুলোরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বদ্ধপরিকর। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার কারণে কোনো ঘটনাই আর চাপা থাকছে না। এ নিয়ে সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেন মন্ত্রী।

     

    অর্থসূচক/এএইচআর

    The post মির্জা ফখরুলের বক্তব্য হাস্যকর: তথ্যমন্ত্রী first appeared on ArthoSuchak.

    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।