‘ছাত্রলীগ নেতাকর্মীরা কখনো ধর্ষণের সাথে জড়িত থাকতে পারে না’


    16

    ছাত্রলীগ নেতাকর্মীরা কখনো ধর্ষণ-নির্যাতনের সাথে জড়িত থাকতে পারে না বলে দাবি করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।

    আজ শনিবার (১৭ অক্টোবর) দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত ‘নারীদের ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ’ কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

    এসময় কোথাও ধর্ষণ-নির্যাতনের কোন অভিযোগ উঠলে, নিপীড়নের শিকার হলে সাথে সাথে তা পুলিশকে পরে ছাত্রলীগের নেতাকর্মীদের তথ্য দেওয়ার পরামর্শ দেন আল নাহিয়ান খান জয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের মামলায় অভিযুক্তদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান উপস্থিত ছাত্রলীগের নেতৃবৃন্দ।

    ডিএমপির রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ধর্ষণের মতো ঘটনা বিশেষ করে শিশু ধর্ষণ যারা করবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

    সমাবেশে ধর্ষকদের পরপারে পাঠানোর ইঙ্গিত দিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথা বলেন ডিএমপির রমনা জোনের ডিসি।

    সাজ্জাদুর রহমান জানান, তার আগের কর্মস্থলের এসপি থাকা অবস্থায় এক যুবকের বিরুদ্ধে নয় বছরের শিশু ধর্ষণের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্ত করে দেখা যায়, এর আগেও সে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় জড়িত, শিশু ধর্ষণ অভিযুক্ত কিন্তু বারবার পার পেয়ে গেছে সে। পরে তাকে ধরে নিয়ে পরপারে পাঠিয়ে দেওয়া হয়।

    সেই উদাহরণ টেনে ডিসি সাজ্জাদুর রহমান বলেন, পরপারে কিভাবে পাঠানো হয় তা সবারই জানা। সুতরাং ধর্ষণের মতো ঘটনা বিশেষ করে শিশু ধর্ষণ যারা করবে, তাদেরকে সেরকম শাস্তি দেওয়া হবে।

    অর্থসূচক/কেএসআর

    The post ‘ছাত্রলীগ নেতাকর্মীরা কখনো ধর্ষণের সাথে জড়িত থাকতে পারে না’ first appeared on ArthoSuchak.

    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।