নির্বাচন এলেই বিএনপি হৈ চৈ করে মাঠ গরম করে: কাদের


    4

    ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যেকোনও নির্বাচন এলেই বিএনপি হৈ চৈ করে মাঠ গরম করে, অথচ ভোটের দিন তাদের আর মাঠে দেখা যায় না। ভোট গণনা শেষে জনগণ কর্তৃক প্রত্যাখাত হলে বিএনপি নেতারা বলে সরকার কারচুপি করে হারিয়ে দিয়েছে। এটি তাদের পুরনো অভ্যাস।’

    আজ (১৩ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    ওবায়দুল কাদের বলেন, ঢাকা-১৮ আসনের নির্বাচনী এলাকার তিনটি স্থানসহ রাজধানীর বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস চালানো হয়েছে। এটা তাদের (বিএনপি) আগুন সন্ত্রাস সংস্কৃতির পুনরাবৃত্তি। ইতোমধ্যে একটি ভিডিও উদ্ধার করা হয়েছে। সেটা পুলিশের কাছে আছে। ভিডিওতে বিএনপি কর্মীদের উপস্থিতি চেহারা দেখলে বোঝা যায়। কৌশলটা এমন ছিল যে, বাসের বেতরে যাত্রী সেজে বসে থেকে আগুন লাগিয়ে নিজেরাই চিৎকার করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। গতকাল যে ঘটনাটি ঘটেছে, সেটা বিএনপিরই কাজ। এই নাশকতা প্রমাণ করেছে, বিএনপি তাদের চিরাচরিত সন্ত্রাসী পথ পরিহার করতে পারেনি। এ ধরনের সন্ত্রাসী চরিত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের বারবার প্রত্যাখান করেছে।

    ওবায়দুল কাদের বলেন, নিরীহ মানুষের জীবনহানির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েমের মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা তাদের পুরনো অভ্যাস। আন্তর্জাতিক পরিমণ্ডল তাদের একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এখনো বিএনপি কোনো ধরনের গণতান্ত্রিক নিয়ম-কানুন, বিধি-নিষেধের তোয়াক্কা না করে তাদের নাশকতামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে।

    সেতুমন্ত্রী বলেন, আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। বৈশ্বিক মহামারি করোনার এই মানবিক সংকটের ভেতরেও তাদের ধারাবাহিক নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। অতীতের মতো জনগণকে নিয়ে আওয়ামী লীগ এ ধরনের সব সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।

    সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

     

     

    অর্থসূচক/এএইচআর

    The post নির্বাচন এলেই বিএনপি হৈ চৈ করে মাঠ গরম করে: কাদের first appeared on ArthoSuchak.

    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।