তিন দফা ভোট গ্রহণে হবেন আইসিসি চেয়ারম্যান


    14

    টানা দুই মেয়াদে দায়িত্ব পালনের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি পদ থেকে গত ১ জুলাই পদত্যাগ করেছেন শশাঙ্ক মনোহর। এরপর থেকেই খালি রয়েছে আইসিসির এই শীর্ষ পদটি।

    আইসিসি জানিয়েছিল, সভাপতি পদের দৌড়ে এগিয়ে রয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও বর্তমান অন্তর্বর্তী আইসিসির চেয়ারম্যান ইমরান খাওয়াজা। তবে তখন তাদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছু জানায়নি তাঁরা।

    সোমবার (১৬ নভেম্বর) আইসিসির ত্রৈমাসিক বার্ষিক সভায় এই মূল্যবান পদটির জন্য যোগ্য প্রার্থী নির্বাচন প্রক্রিয়া নির্ধারণ করেছে আইসিসি। ভোট গ্রহণ প্রক্রিয়াটি গোপন ব্যালট পেপারের মাধ্যমে নেওয়া হবে।

    এই দুই প্রার্থীর মধ্যে বিজয়ীকে কেবল সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই চলবে না। তাকে মোট ১৬ টি ভোটের দুই-তৃতীয়াংশ বা ১১টি ভোট পেতে হবে। যদি এই দুই প্রার্থীর প্রত্যেকে প্রয়োজনীয় সংখ্যক ভোট জিততে না পারেন তাহলে তিন দফা ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থাটি। এই নির্বাচনে আইসিসির বোর্ড পরিচালক গণের মোট ১৬ টি ভোট গণণা করা হবে। তার মধ্যে ১২ টি ভোট পূর্ণ সদস্যের দেশের প্রধান, ৩টি সহযোগী প্রতিনিধিত্বকারী পরিচালক এবং বাকি ১টি স্বতন্ত্র মহিলা পরিচালক ইন্দ্রা নুইয়ের।

    যদিও খাওয়াজা বর্তমান চেয়ারম্যান হিসেবে এই নির্বাচনে ভোট দিতে পারবেন না। এমনকি আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মানু সোহনিরও ভোট দেয়ার ক্ষমতা থাকবে না। যদিও আইসিসির পূর্ণ সদস্য দেশ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে বার্কলে এই নির্বাচনে ভোট দিতে পারবেন।

    আইসিসির ঐ সভা থেকে আরও জানা যায়, এই মাসের শেষের দিকেই ভোট গ্রহণের অনুষ্ঠানটি আয়োজিত হতে পারে।

     

    অর্থসূচক/এএইচআর

    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।