বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। প্লেয়ার্স ড্রাফট থেকে ‘এ’ ক্যাটাগরিতে থাকা এই দুই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তাই দলটির অধিনায়ক কে হচ্ছেন তা নিয়ে সংশয় ছিল।
জেমকন খুলনা জানিয়েছেন, আসন্ন এই টি-টোয়েন্টি লিগে দলটির অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহ। অধিনায়কত্ব পেয়ে দারুণ আনন্দিত সদ্য করোনা থেকে সেরে ওঠা মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমি গতকাল করোনা নেগেটিভ হয়েছি। তাই আমি মাঠে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার উপর ভরসা করে বঙ্গবন্ধু টি- টোয়েন্টি কাপে জেমকন খুলনার নেতৃত্ব দেওয়ায় আমি জেমকন খুলনার মালিক কাজী এনাম আহম্মেদকে এবং ম্যানেজমেন্ট টিমকে ধন্যবাদ জানাতে চাই। দীর্ঘ সময় ধরে আমার সঙ্গে জেমকনের সম্পর্ক রয়েছে। বিপিএলে আমি গত তিন বছর ধরে খুলনা টাইটানসের হয়ে খেলেছি। তাই তাদের সঙ্গে ফেরাটা সবসময়ই মধুর। আমার কাছে মনে হয় এটা আমার ঘরের দল।’
‘এ’ গ্রেডের ১৫ লাখ টাকা সম্মানীর কোনো ক্রিকেটারকেই বেছে নেয়নি রাজশাহী। এই সুযোগটিই কাজে লাগিয়েছে খুলনা। দলটি তাদের দল গোছাতে খরচ করেছে ১ কোটি ১৪ লাখ টাকা। ‘এ’ গ্রেডের ২ জন, ‘বি’ গ্রেডের ৩ জন, ‘সি’ গ্রেডের ৫ জন এবং ‘ডি’ গ্রেডের ৬ ক্রিকেটার নিয়ে নিজেদের শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে খুলনার দলটি। সাকিব-মাহমুদউল্লাহদের সঙ্গে তারা দলে নিয়েছে ইমরুল কায়েস, আল আমিন, এনামুল হক বিজয়কে।
জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আল আমিন, এনামুল হক বিজয়, শামীম পটোয়ারী, আরিফুল হক,শুভাগতহোম চৌধুরী, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহুরুল ইসলাম অমি।
অর্থসূচক/এএইচআর
মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।



