‘বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধার বিষয়টি আ.লীগ পর্যবেক্ষণ করছে’


    10

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে কিছু ইসলামি দলের বাধার বিষয়টি আওয়ামী লীগ পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

    মুজিববর্ষ উপলক্ষে ভারতীয় হাইকমিশন কর্তৃক বঙ্গবন্ধুর সম্মানে তৈরি করা হয়েছে বিশেষ সংস্করণের হাতঘড়ি। ঘড়ির ডায়ালে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং স্বাক্ষর। ওবায়দুল কাদের এ বিশেষ সংস্করণে তিন ধরনের হাতঘড়ি উন্মোচন করে এ কথা বলেন।

    ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিষয়ে আপত্তি জানিয়েছে কয়েকটি ইসলামি সংগঠন। ‘এ বিষয়ে আওয়ামী লীগ বা সরকার নীরব, কোনো ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে না।’

    এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। স্বরাষ্ট্রমন্ত্রী এখন করোনা আক্রান্ত। হয়তো তিনি এখন সামনে আসবেন না। উনি হয়তো আপনাদের সঙ্গে কথা বলবেন বা ওনার সাথে আপনারা আলাপ করতে পারেন।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। দু’দেশের সম্পর্কের আলোক শিখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শ্রীমতি ইন্দিরা গান্ধীর ধারাবাহিকতায় আজ দেশরত্ন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি’তে এসেও দীপ্যমান।

    সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকসহ আঞ্চলিক ইস্যু এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অভিন্ন প্রতিবন্ধতার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে দুই সরকার প্রধান কাজ করছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সময়ে গড়ে ওঠা সন্দেহ ও অবিশ্বাসের কৃত্রিম দেয়াল ভেঙে এখন রচিত হয়েছে আস্থা ও সৌহার্দের সেতু।

    তিস্তার পানি বন্টনের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আলোচনার মাধ্যমে ইতিমধ্যে অনেক অমীমাংসিত সমস্যা সমাধান হয়েছে।

    ব্রিফিংয়ে ভারতের হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও তিনি ভারতীয় জনগণের কাছে বীর। স্বাধীনতার পর ১৯৭২ সালের জানুয়ারিতে বাংলাদেশে আসার পথে ভারতীয় জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে উষ্ণতা ও ভালোবাসা দেখিয়েছিল তা তিনি স্মরণ করেন।

    অর্থসূচক/কেএসআর

    The post ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধার বিষয়টি আ.লীগ পর্যবেক্ষণ করছে’ first appeared on ArthoSuchak.

    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।