দুদিন আগেই করোনা মুক্ত হয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল (১৭ নভেম্বর) করোনা মুক্ত হওয়ার কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ নিজেই। গত ৬ নভেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের করোনা নেগেটিভের খবর জানানোর পাশাপাশি তিনি জানিয়েছিলেন, দ্রুতই মাঠে ফেরার জন্য মুখিয়ে আছেন।
যেই কথা সেই কাজ। আজ (১৮ নভেম্বর) থেকে অনুশীলন শুরু করেছেন জেমকন খুলনার এই অধিনায়ক। সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আসেন বাংলাদেশের এই অলরাউন্ডার। যেখানে ইনডোরে তাকে ব্যাট করতে দেখা গেছে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। যেখানে তাঁর সতীর্থ সাকিব আল হাসান। প্লেয়ার্স ড্রাফট থেকে ‘এ’ ক্যাটাগরিতে থাকা এই দুই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তাই দলটির অধিনায়ক কে হচ্ছেন তা নিয়ে সংশয় ছিল। জেমকন খুলনা জানিয়েছে, আসন্ন এই টি-টোয়েন্টি লিগে দলটির অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহ। ২৪ নভেম্বর পর্দা উঠছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের।
এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ। এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে নিজের করোনা পরীক্ষা করান তিনি। সেখানে ফলাফল পজেটিভ আসে। এরপর নিশ্চিত হওয়ার জন্য আবারও করোনা পরীক্ষা করান তিনি। সেখানেও পজেটিভ হন মাহমুদউল্লাহ। এর ফলে আর পিএসএলে খেলতে যাওয়া হয়নি তাঁর। এর ফলে নিজের বাসায় আইসোলেশনে ছিলেন তিনি।
অর্থসূচক/এএইচআর
মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।



